ফ্রান্সের বৈধতা (রেগুলারাইজেশন) প্রক্রিয়ায় যেসব বাংলাদেশি অভিবাসী এরই মধ্যে প্রেফেকচুরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের দ্রুত পাসপোর্ট দিতে তিন দিন বিশেষ কনস্যুলার সেবা দেবে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। ২৫ জুলাই এবং ৮ ও ২২ আগস্ট—এই তিন শনিবার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দিনভর পাসপোর্ট-সংক্রান্ত সেবা মিলবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাসে কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ ঘোষণা দেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তিনি ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
এ ছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের নতুন স্লট খোলা হবে। প্রতিদিনের স্লটের অর্ধেক থাকবে অনলাইন আবেদনকারীদের জন্য, বাকি অর্ধেক রাখা হবে ১৫ মের আগে ইমেইলে আবেদন করা ব্যক্তিদের জন্য।
চলতি বছরের ৩ জুন থেকে চালু অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তি ও অপপ্রচারের প্রসঙ্গও তোলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, নতুন ব্যবস্থায় সেবা নেওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে; অপপ্রচার নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
উপস্থিত প্রবাসীরা এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এতে পাসপোর্টসহ কনস্যুলার সেবায় ভোগান্তি কমবে এবং দূতাবাসের প্রতি আস্থা বাড়বে। সভায় দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম এবং ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি)সহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





