ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি সার্সেলে ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’-এ গান গেয়ে কয়েক হাজার দর্শক মাতিয়েছেন নগর বাউল জেমস। ছুটির দিন রোববার (২ আগস্ট) সার্সেলের একটি খোলা মাঠে দুপুর ১২টায় নিবন্ধন দিয়ে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এ আয়োজনে তিন হাজারের বেশি মানুষ অংশ নেন বলে জানা গেছে।

আয়োজনের মূল আকর্ষণ ছিলেন ‘নগর বাউল’ ব্যান্ডের প্রধান জেমস। বাংলাদেশি ব্যান্ড ‘জলের গান’ এবং নেদারল্যান্ডসভিত্তিক বাংলাদেশি শিল্পী বিন্তিও মঞ্চে গান শোনান; করতালিতে মুখর হয় মাঠ।

আয়োজক কমিটি জানায়, প্রতিবছরই এমন সাংস্কৃতিক আয়োজন করতে চায় ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’; সর্বশেষ ২০২৩ সালে আয়োজনের কথা থাকলেও ফ্রান্সের তখনকার পরিস্থিতির কারণে তা হয়নি। এবারের সফল আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।

যোগাযোগব্যবস্থায় কিছু বিঘ্ন থাকায় আয়োজকেরা তিনটি বাসের ব্যবস্থা করেন, যেগুলো ট্রেন স্টেশন থেকে বিনা ভাড়ায় দর্শকদের আনা-নেওয়া করে। মাঠে ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা খেলা, পণ্যের স্টল এবং ঝালমুড়ি, সমুচা, সিঙ্গাড়া, বিরিয়ানি, পিঠা-পুলি, ডাবের পানিসহ নানা খাবার; এক কোণে জমে ওঠে পান-সুপারির দোকান। উপস্থিত ছিলেন সার্সেলের ডেপুটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য, স্পন্সরদের প্রতিনিধি, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা।