ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শিরোনামে সেমিনার করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের ফ্রান্স শাখা। সোমবার (১০ আগস্ট) বৃহত্তর প্যারিসের বুলোন-বিয়াঁকুরে একটি চার তারকা হোটেলের বলরুমে হওয়া এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি এবং নজরুলের লেখা, দর্শন ও চেতনার সঙ্গে সেই আন্দোলনের সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

সেমিনার উদ্বোধন করেন ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া সেন্টারের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশে যে পরিবর্তন এসেছে, তার প্রেক্ষাপট ও নজরুলের চেতনার প্রাসঙ্গিকতা নতুন করে বোঝা দরকার। তার দাবি, বর্তমান সরকার আগের সংস্কৃতির বদল চায়, যার উদাহরণ চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা।

বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী ছিলেন প্রধান অতিথি, প্রধান আলোচক আয়ারল্যান্ডপ্রবাসী কবি ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার। তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র-জনতার লড়াইয়ে প্রেরণা জুগিয়েছে নজরুলের সাহিত্য; বড় ঘটনা দ্রুত ভুলে যাওয়ার প্রবণতা ছেড়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় মনে রাখার আহ্বান জানান তিনি।

সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার সভাপতি কবি সোহেল আহমদ, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি নজমুল হক। নজরুল গবেষক ও সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম পাটোয়ারী বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতারও কবি, যার লেখা ও গান আজও মানুষকে অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে প্রেরণা দেয়।

প্রধান অতিথি ফয়সল আহমদ চৌধুরী প্রবাসের ব্যস্ততার মধ্যেও নজরুল ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমন আয়োজনের প্রশংসা করেন। তার আশা, এতে প্রবাসীদের সঙ্গে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের বন্ধন আরও দৃঢ় হবে।

সভাপতির বক্তব্যে কবি সোহেল আহমদ বলেন, নজরুল শুধু জাতীয় কবি নন, বাংলা সাহিত্য-সংস্কৃতির বিদ্রোহী চেতনার অনন্য প্রতীক; শোষণ, অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার প্রতিবাদ আজও সমান প্রাসঙ্গিক। প্রবাসীদের কাছে নজরুলের সাহিত্য শিকড়ের সঙ্গে যোগাযোগের শক্তিশালী মাধ্যম উল্লেখ করে ফ্রান্সসহ ইউরোপে নজরুলচর্চা ও তার মানবতাবাদী দর্শন আরও ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তিনি।

কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী অঙ্গনের অনেকে সেমিনারে যোগ দেন। অতিথিদের মধ্যে ছিলেন রাজনীতিবিদ রেজাউল করিম, তরুণ চিন্তক মনোয়ার পাটোয়ারী, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ ও সাংবাদিক মোহাম্মদ আলী চৌধুরী।