ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন শাহ সুহেল আহমদ; তিনি রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি, পাশাপাশি বাংলা টেলিগ্রামের সম্পাদক। সম্পাদক হয়েছেন আশিক আহমেদ উল্লাস, যিনি দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের আত্মপ্রকাশ ও সাধারণ সভা হয়। সেখানে নতুন কমিটির নাম ঘোষণা করেন ইকবাল মোহাম্মদ জাফর, যিনি ডিবিসি নিউজ এবং চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি। সভায় সর্বসম্মতিক্রমে কমিটিকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।
কমিটির অন্য পদে আছেন জান-ই-আলম (সহ-সভাপতি), আবু বাকার আল আমীন (যুগ্ম সাধারণ সম্পাদক), সাইফুল ইসলাম রনি (কোষাধ্যক্ষ), তানভীর তালুকদার (প্রচার সম্পাদক), নিপু বড়ুয়া (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) এবং মোহাম্মদ কায়সার আহমেদ (দপ্তর সম্পাদক)। কার্যনির্বাহী সদস্য হয়েছেন বাদল পাল, ইকবাল মোহাম্মদ জাফর ও সাহাদ উদ্দিন।
নতুন কমিটির নেতারা জানান, ফ্রান্সে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নিজেদের মধ্যে সহযোগিতা ও ঐক্য জোরদার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দক্ষতা বাড়াতে সংগঠনটি কাজ করবে। ফ্রান্সে দেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরা এবং প্রবাসীদের সমস্যা ও সাফল্যের খবর আরও কার্যকরভাবে প্রকাশেও জোর দেওয়া হবে বলে জানান তারা।





