সরকারি রাজস্ব স্ট্যাম্প জাল করে অবৈধভাবে বিক্রির অভিযোগে কুয়েতে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ নজরদারি ও গোপন অনুসন্ধানের পর বিশেষ অভিযানে চক্রটিকে ধরা হয়।
শুক্রবার (১২ জুন) মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা হাসপাতালের ভেতরে ও আশপাশে থেকে প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে জাল স্ট্যাম্প বিক্রি করতেন। কর্তৃপক্ষের দাবি, মূলত ৫ ও ১০ কুয়েতি দিনারের স্ট্যাম্প বাজারদরের চেয়ে কম দামে দিয়ে তাঁরা বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্টের অভিযানে চক্রের পাঁচ সদস্য ধরা পড়েন। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, সংগঠিতভাবে কাজ করা চক্রটি আসল স্ট্যাম্প কাগজ জোগাড় করে উন্নত প্রযুক্তিতে জাল স্ট্যাম্প ছাপাত। অভিযানে একটি ল্যাপটপ, প্রিন্টার ও স্ট্যাম্প তৈরির বিশেষ কাগজের রোল জব্দ করা হয়।
মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক ব্যক্তিরা একটি হাসপাতাল থেকে আসল স্ট্যাম্প কাগজের রোল চুরি করে জাল স্ট্যাম্প বানাতেন এবং পরে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বেচতেন। কর্তৃপক্ষের মতে, এতে রাজস্ব ফাঁকির পাশাপাশি রাষ্ট্রীয় নথির নিরাপত্তাও ঝুঁকিতে পড়েছে; আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জব্দ আলামতসহ পাঁচজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি অর্থ, নথি ও রাজস্ব নিয়ে জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে মন্ত্রণালয়।





