কুয়েতের আল-সালমি মরুভূমিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছে একটি উট। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বাংলাদেশি অসাবধানতাবশত একটি ল্যান্ডমাইনের ওপর পা রাখলে সেটি বিস্ফোরিত হয়। ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় ওই মাইনটি মাটিতে পোঁতা হয়েছিল। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।
প্রায় ৩৬ বছর পেরিয়ে গেলেও ইরাকি আগ্রাসনের সময় রেখে যাওয়া বিস্ফোরক যে এখনো মানুষের জীবনের জন্য কতটা ভয়ংকর হুমকি হয়ে আছে, এই দুর্ঘটনা তা আবারও সামনে এনেছে।
ঘটনার খবর পাওয়ার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
এরপর মাইনটি নিষ্ক্রিয় করা এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে অন্য কোনো বিস্ফোরক অবশিষ্ট আছে কি না তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। তদন্ত কার্যক্রমে ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগের প্রতিনিধি, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন ও ক্রাইম সিন ইউনিট অংশ নেয়।
ঘটনাটিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং একটি মামলা করা হয়েছে।
এদিকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এমন একটি ঘটনায় বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর তারা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো দূতাবাসের কাছে পৌঁছায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরিচয় নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Source: জাগো নিউজ২৪






