বাড়ির বাইরে গাছ লাগিয়ে যত্ন নিতে ভালোবাসেন অনেকে। শীত ঘনিয়ে এলে তাঁদের অনেকের মনেই পছন্দের কিছু গাছ ঘরের ভেতরে তুলে আনার ভাবনা আসে। তবে কাজটি দেখতে যত সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। শীতের সময় ঘরের ভেতরে গাছ ভালো রাখার বিষয়ে পরামর্শ দিয়েছেন একজন উদ্যানতত্ত্ববিদ।
সঠিক যত্ন পেলে অনেক কোমল একবর্ষজীবী শোভাবর্ধক ও ভেষজ গাছ শীতেও ঘরের ভেতরে বাঁচিয়ে রাখা যায়। যেমন শরৎকালে কোলিয়াসের ডাল কেটে পানিতে শিকড় গজিয়ে টবে লাগানো যেতে পারে। তুলসীর মতো ভেষজ গাছও ঘরের ভেতরে রাখা যায়। এ ক্ষেত্রে রোদ আসে এমন জানালার পাশে গাছটি রাখতে হবে; প্রয়োজনে বিশেষ আলো ব্যবহার করা যেতে পারে।
তবে বহু বর্ষজীবী গাছ ও গুল্ম সাধারণত বাইরেই রাখা ভালো। পেশাদার উদ্যানতত্ত্ববিদ হিদার হুইটলির মতে, এসব গাছের বসন্তে নতুন করে বেড়ে ওঠার জন্য শীতকালে ঠান্ডা পরিবেশে সুপ্ত অবস্থায় থাকা প্রয়োজন। তাই এ ধরনের গাছ গ্যারেজে নিয়ে রাখলে তাদের বৃদ্ধি ব্যাহত হতে পারে।
অন্যদিকে উষ্ণ আবহাওয়ার উপযোগী কিছু বহুবর্ষজীবী গাছ টবে লাগানো যেতে পারে। এতে তীব্র শীতে সুরক্ষার জন্য সেগুলো ঘরের ভেতরে আনা সহজ হয়। নিজের এলাকার আবহাওয়ার তুলনায় একটু বেশি শীত বা উষ্ণতা সহ্য করতে পারে, এমন গাছ চাষ করেও দেখা যেতে পারে। এসব গাছ টিকিয়ে রাখতে পারলে আনন্দ পাওয়া যায়।
ঘরে আনার আগে কী দেখবেন
সব গাছ ঘরের ভেতরে ভালো থাকে না। তাই শরৎকালে টবসহ গাছ ঘরে আনার আগে নিশ্চিত হতে হবে, এতে গাছটির উপকার হবে কি না। আগে গাছটি ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। ঘরে আনার আগে মাটি বদলানো যেতে পারে, প্রয়োজনে কীটনাশকও ব্যবহার করা যেতে পারে। পাতা ও ডালে পোকামাকড় বা ক্ষতির কোনো চিহ্ন আছে কি না, তা দেখে নিতে হবে।
পানি ও সারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। গাছে পোকামাকড় নেই, তা নিশ্চিত হয়ে তারপর পানি দিতে হবে। শুধু শীত থেকে বাঁচানোর জন্য গাছ ঘরে রাখলে বসন্তের আগে একবার বা দুবার পানি দিলেই চলতে পারে। এ সময়ে সার দেওয়া যাবে না।
গাছের বৃদ্ধি চালু রাখতে ঘরে উষ্ণ পরিবেশ তৈরি করতে হবে। গাছটি রোদেলা জানালার পাশে রাখতে হবে, অথবা গাছের বৃদ্ধির জন্য বিশেষ আলো ব্যবহার করতে হবে। এতে গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারবে।
আবার বাইরে নেবেন কখন
শীতের শেষ দিকে বা বসন্তের শুরুতে গাছে নতুন কুঁড়ি বা পাতা গজাতে পারে। তবে এই সময়েই গাছ বাইরে নেওয়ার জন্য তাড়াহুড়ো করা যাবে না। শীত শেষে গাছকে ধীরে ধীরে বাইরের তাপমাত্রা ও আলোর সঙ্গে মানিয়ে নিতে দিতে হবে; এ জন্য প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।
দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে গাছকে বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া শুরু করা যেতে পারে। তবে সারা দিনের জন্য বাইরে রাখার আগে রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
হুইটলির মতে, শীতকালে ঘরে রাখা গ্রীষ্মমণ্ডলীয় গাছ ও লেবু জাতীয় গাছ বাইরে নেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তুলসীর মতো কোমল ভেষজ গাছের ক্ষেত্রেও ধীরে ধীরে বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে রাতের তাপমাত্রা ১০–১২ ডিগ্রি সেলসিয়াস হলে এই প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
তাঁর পরামর্শ অনুযায়ী, প্রথমে রোদেলা দিনে গাছ কিছু সময়ের জন্য বাইরে রাখতে হবে। তাপমাত্রা কমে গেলে আবার ঘরে নিয়ে আসতে হবে। এভাবে প্রায় এক সপ্তাহ রাখলে গাছ বাইরের পরিবেশে টিকে থাকার জন্য প্রস্তুত হয়ে যাবে।
Source: জাগো নিউজ২৪





