শীত নামতেই আলমারি খুললে চোখে পড়ে সোয়েটার, জ্যাকেট, শাল, মাফলার ও চাদরের ভিড়। গরমের পোশাকের তুলনায় শীতের পোশাক আকারে বেশ বড় ও মোটা হয়। ফলে সব পোশাক একসঙ্গে আলমারিতে রাখলে অল্প সময়েই জায়গা শেষ হয়ে যায়। প্রয়োজনের মুহূর্তে পছন্দের সোয়েটার বা মাফলার খুঁজে পাওয়াও হয়ে পড়ে কঠিন। অনেক সময় তাড়াহুড়ায় পোশাক বের করতে গিয়ে পুরো আলমারিই এলোমেলো হয়ে যায়।
শুধু জায়গার সমস্যা নয়, উলের পোশাক ঠিকভাবে গুছিয়ে না রাখলে সেগুলোর আকৃতিও নষ্ট হতে পারে, জমতে পারে ধুলাবালি। তাই শীতের পোশাক আলমারিতে তোলার আগে কিছু সহজ কৌশল জেনে রাখলে একদিকে জায়গা বাঁচবে, অন্যদিকে পোশাকও থাকবে সুন্দর ও ভালো অবস্থায়।
পোশাক সাজান আলাদা তাক অনুযায়ী
আলমারিতে সব ধরনের পোশাক একসঙ্গে রাখলে সহজেই তা অগোছালো হয়ে যায়। তাই শুরুতেই পোশাকের ধরন অনুযায়ী আলাদা ভাগ করে নিতে হবে। সোয়েটার, জ্যাকেট, শাল, চাদর ও থার্মাল পোশাকের জন্য নির্দিষ্ট করুন আলাদা তাক। যেসব পোশাক প্রতিদিন ব্যবহার করেন, সেগুলো রাখুন হাতের নাগালে। আর তুলনামূলক কম পরা পোশাক রাখতে পারেন আলমারির ওপরের তাকে। এতে প্রয়োজনের সময় পোশাক খুঁজে পেতে সুবিধা হবে।
ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগের ব্যবহার
আলমারিতে জায়গা কম থাকলে ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ বেশ কাজে আসতে পারে। শীতের যেসব পোশাক প্রতিদিন প্রয়োজন হয় না—যেমন মোটা জ্যাকেট, চাদর কিংবা ভারী শাল—সেগুলো পরিষ্কার করে শুকিয়ে ব্যাগে রাখতে পারেন। এরপর ব্যাগের ভেতরের বাতাস বের করে দিলে পোশাক অনেক কম জায়গা নেবে। তবে সব ধরনের উলের পোশাক দীর্ঘ সময় চেপে রাখা ঠিক নয়। তাই ভ্যাকুয়াম ব্যাগে রাখার আগে পোশাকের যত্ন নেওয়ার নির্দেশনা দেখে নিতে হবে।
সোয়েটার ঝুলিয়ে নয়, ভাঁজ করে রাখুন
অনেকে আলমারিতে জায়গা বাঁচাতে হ্যাঙ্গারে সোয়েটার ঝুলিয়ে রাখেন। কিন্তু মোটা উলের সোয়েটার দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে নিজের ওজনেই কাঁধের অংশ ঢিলে হয়ে যেতে পারে। ফলে সোয়েটারের আকৃতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই সোয়েটার ভালোভাবে ভাঁজ করে তাকের ওপর রাখুন। চাইলে রোল করেও রাখা যায়। এতে কম জায়গায় বেশ কয়েকটি সোয়েটার রাখা সম্ভব হবে, পাশাপাশি পোশাকের আকৃতিও ঠিক থাকবে।
জ্যাকেট ও কোটের জন্য আলাদা জায়গা
শীতের জ্যাকেট, ব্লেজার কিংবা কোট সাধারণত বেশ ভারী ও আকারে বড় হয়। এগুলো ভাঁজ করে রাখলে বেশি জায়গা লাগে, আবার সহজে কুঁচকেও যেতে পারে। তাই এসব পোশাক আলমারির এক পাশে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। যেসব জ্যাকেট নিয়মিত ব্যবহার করেন, সেগুলো রাখুন সামনে। আর কম ব্যবহার করা পোশাক রাখতে পারেন পেছনে। এতে প্রয়োজনের সময় সহজেই পছন্দের পোশাকটি খুঁজে পাবেন।
শাল ও মাফলার রাখুন আলাদা বাক্সে
শীতের সকালে বের হওয়ার সময় মাফলার, টুপি কিংবা গ্লাভস খুঁজতে গিয়ে অনেকেই বিপাকে পড়েন। ছোট এসব জিনিস আলমারির বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকায় সহজে খুঁজে পাওয়া যায় না। তাই এগুলোর জন্য ব্যবহার করুন আলাদা একটি বাক্স বা অর্গানাইজার। শাল, মাফলার, টুপি ও গ্লাভস আলাদা ভাগে রাখতে পারেন। চাইলে ছোট কাপড়ের ব্যাগও কাজে লাগানো যায়। এতে প্রয়োজনের সময় সবকিছু এক জায়গাতেই পাওয়া যাবে।
আলমারিতে রাখার আগে পোশাক পরিষ্কার করুন
শীতের পোশাক দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে। ব্যবহৃত সোয়েটার, শাল বা জ্যাকেট না ধুয়ে আলমারিতে তুলে রাখা উচিত নয়। পোশাক ভালোভাবে শুকিয়ে তারপর ভাঁজ করে রাখুন। আলমারির তাকও নিয়মিত পরিষ্কার করুন। এতে পোশাকে দুর্গন্ধ, ধুলাবালি কিংবা স্যাঁতসেঁতে ভাব তৈরি হওয়ার আশঙ্কা কমবে।
শীতের পোশাক গুছিয়ে রাখতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। শুধু পোশাকের ধরন অনুযায়ী আলাদা করে রাখা, সঠিকভাবে ভাঁজ করা এবং ছোটখাটো জিনিসের জন্য অর্গানাইজার ব্যবহার করলেই আলমারি থাকবে পরিপাটি। আর প্রয়োজনের সময় পোশাক খুঁজে পেতেও ভোগান্তি কমবে।
তথ্যসূত্র: জাগো নিউজ লাইফস্টাইল; দ্য নিউ ইয়র্ক টাইমস, ইউকিহাউ ও নিউজ এইটটিন এসএকেওয়াই
Source: জাগো নিউজ২৪






