বাড়িতে অতিথি আসার আয়োজন থাকলে আগে থেকেই ঘর পরিষ্কারের প্রস্তুতি নেওয়া ভালো। বিশেষ করে ঘর পরিষ্কারের সময় এমন কিছু জায়গা থাকে, যেগুলো সহজেই চোখ এড়িয়ে যায়। অথচ এসব জায়গায় জীবাণু ও ময়লা জমে থাকতে পারে। তাই অতিথি আসার আগে ঘরের প্রতিটি অংশ ভালোভাবে পরিষ্কার করা জরুরি।

পরিচ্ছন্নতাবিষয়ক প্রতিষ্ঠান রেকিটের বিশেষজ্ঞ ভানিতা শ্রীনিবাসনের পরামর্শ অনুযায়ী, ঘর পরিষ্কারের সময় তিনটি জায়গায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সেগুলো হলো—রান্নাঘর, বাথরুম ও বসার ঘর।

রান্নাঘর

রান্নাঘর বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এখানে অন্য অনেক ঘরের তুলনায় বেশি জীবাণু থাকতে পারে। এমনকি রান্নাঘরের কাউন্টার বা কাজের জায়গায় টয়লেটের আসনের চেয়েও বেশি ময়লা ও জীবাণু থাকতে পারে বলে জানান শ্রীনিবাসন। তাই রান্নাঘরের সব কাউন্টার ভালোভাবে মুছে পরিষ্কার করুন। পাশাপাশি ক্যাবিনেটের গায়ে জমে থাকা তেলচিটচিটে ময়লাও সরিয়ে ফেলুন। এতে রান্নাঘর পরিষ্কার ও ঝকঝকে দেখাবে।

বাথরুম

বাড়ি পরিষ্কারের সময় বাথরুম সাধারণত গুরুত্ব পায়। তবে কোন কোন জায়গা পরিষ্কার করছেন, তার ওপর পরিচ্ছন্নতার ফল অনেকটাই নির্ভর করে। শ্রীনিবাসনের পরামর্শ, বাথরুমের যেসব জায়গায় বারবার হাতের স্পর্শ লাগে, সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। যেমন—কমোডের ফ্লাশ, বেসিনের পানির কল ও বাথরুমের দরজার হাতল। এসব জায়গা জীবাণুনাশক ওয়াইপস দিয়ে সহজেই মুছে নেওয়া যায়। এ ছাড়া বাথরুমের পাপোশ ও তোয়ালেতে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই নিয়মিত কাপড় ধোয়ার সময় এসব জিনিস জীবাণুমুক্ত করার উপযোগী লন্ড্রি স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন শ্রীনিবাসন।

বসার ঘর

ছুটির দিন বা উৎসবের সময় অতিথিরা সাধারণত বসার ঘরেই বেশি সময় কাটান। তাই এ ঘরের পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। শ্রীনিবাসনের পরামর্শ, ঘরের সুইচ, টিভির রিমোট ও গেম খেলার কন্ট্রোলার ভালোভাবে পরিষ্কার করুন। কারণ, বিভিন্ন সময়ে একাধিক অতিথি এসব জিনিস ব্যবহার করতে পারেন। আরও ভালোভাবে পরিষ্কার রাখতে সোফা, কুশন ও ব্যাকপ্যাকের মতো কাপড় বা নরম উপাদানে তৈরি জিনিসও জীবাণুমুক্ত করুন।

সূত্র: জাগো নিউজ লাইফস্টাইল, দ্য স্প্রুস এমএআরএল

Source: জাগো নিউজ২৪