কলা পাকতে শুরু করলে শুধু রং নয়, বদলে যায় এর পুষ্টিগুণও। জাগো নিউজ লাইফস্টাইলের প্রতিবেদন থেকে জানা যায়, কাঁচা সবুজ কলায় চিনির পরিমাণ কম এবং শ্বেতসার বেশি থাকে। অন্যদিকে, পাকা হলুদ কলায় চিনি বেশি হলেও কাঁচা কলার তুলনায় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। আবার বাদামি দাগ পড়া অতিরিক্ত পাকা কলায় অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা আরও বেড়ে যায়।

সবুজ কলা: রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক

কাঁচা সবুজ কলা শক্ত, কম মিষ্টি এবং এতে রেজিস্ট্যান্ট স্টার্চ বেশি থাকে। এটি সাধারণ শ্বেতসারের মতো সহজে হজম হয় না; বরং খাদ্যাআঁশের মতো কাজ করে। রেজিস্ট্যান্ট স্টার্চ ক্ষুদ্রান্ত্রে হজম না হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রায় কম প্রভাব ফেলে। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। ফলে সবুজ কলা হজমের স্বাস্থ্য ভালো রাখতে ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। পাকা কলার তুলনায় সবুজ কলায় চিনিও কম থাকে, তাই রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে এটি উপকারী হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সবুজ-হলুদ কলা: পটাশিয়ামের ভালো উৎস

কলা কিছুটা পেকে বেশির ভাগ হলুদ হলেও সামান্য সবুজ আভা থাকলে এর রেজিস্ট্যান্ট স্টার্চ ভাঙতে শুরু করে। ফলে মিষ্টি স্বাদ বাড়ে এবং সহজে হজম হয়। এ সময়ও পুরোপুরি পাকা কলার তুলনায় আঁশ বেশি থাকে। জাতভেদে পটাশিয়াম ও আয়রনের পরিমাণও বেশি হতে পারে। এ পর্যায়ের কলায় চিনি তুলনামূলক কম থাকে। পাশাপাশি প্রিবায়োটিক আঁশ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। প্রাকৃতিক মিষ্টি স্বাদ ও আঁশ পেতে এ ধরনের কলা ভালো পছন্দ হতে পারে।

হলুদ কলা: দ্রুত শক্তি জোগায়

কলা পুরোপুরি পেকে হলুদ হলে এর শ্বেতসার গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজের মতো সরল চিনিতে পরিণত হয়। ফলে মিষ্টি স্বাদ বাড়ে এবং দ্রুত শক্তি পাওয়া যায়। এ সময় আঁশের পরিমাণ কিছুটা কমলেও কলা সহজে হজম হয়। পাকার সঙ্গে সঙ্গে কলায় ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও বাড়ে। এসব উপাদান অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং কোষের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। তাই হলুদ কলা প্রতিদিন খাওয়ার জন্য ভালো একটি খাবার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাদামি দাগযুক্ত কলা: অ্যান্টিঅক্সিডেন্ট বেশি

কলার খোসায় বাদামি দাগ দেখা দিলে বুঝতে হবে এটি অতিরিক্ত পেকে গেছে। এ পর্যায়ে কলা সবচেয়ে বেশি মিষ্টি হয়। এর বেশির ভাগ রেজিস্ট্যান্ট স্টার্চ ভেঙে যায়, আঁশের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নামে এবং চিনির পরিমাণ সর্বোচ্চ হয়। তবে এ সময় কলায় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে ফ্ল্যাভোনয়েড ও ফেনলিক উপাদান বেড়ে যায়। পাশাপাশি ক্যারোটিনয়েডের পরিমাণও বজায় থাকে। নরম গঠন ও সহজে হজম হওয়ার কারণে অতিরিক্ত পাকা কলা দিয়ে কেক বা অন্যান্য খাবার তৈরি করা যায়। স্মুদি তৈরিতেও এটি ভালো। তবে রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ ধরনের কলা তুলনামূলক কম উপযোগী।

কলার পুষ্টিগুণ একনজরে

কলা যতই পাকুক না কেন, এর বেশির ভাগ মৌলিক পুষ্টি উপাদানের পরিমাণ প্রায় একই থাকে। একটি মাঝারি আকারের পাকা কলায় পাওয়া যায়—প্রায় ১১৩ ক্যালরি, ২৪ গ্রাম কার্বোহাইড্রেট, ২ গ্রাম আঁশ, ১৮ গ্রাম চিনি, ৩৭৫ মিলিগ্রাম পটাশিয়াম, ০.২৪ মিলিগ্রাম ভিটামিন বি৬, ১৪ মিলিগ্রাম ভিটামিন সি এবং ৩২ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম।

সূত্র: ভেরিওয়েল হেলথ এমএআরএল; প্রতিবেদন: জাগো নিউজ লাইফস্টাইল

Source: জাগো নিউজ২৪