মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের (ইউএনএইচসিআর) নিবন্ধন অনুযায়ী রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪০০ জন। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে সংস্থাটির নিবন্ধিত মোট শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৪১৪ জনে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়ায় লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন। জবাবে তিনি উল্লেখ করেন, নিবন্ধিত মোট শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মধ্যে ২ লাখ ৫ হাজার ২৭৩ জনই মিয়ানমারের নাগরিক, যা মোট সংখ্যার ৯০ দশমিক ২ শতাংশ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএনএইচসিআরের নিবন্ধন অনুযায়ী দেশটির বিভিন্ন রাজ্য ও অঞ্চলে সংস্থাটির পরিচয়পত্রধারী শরণার্থীরা অবস্থান করছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সেলাঙ্গর রাজ্যে—৭৪ হাজার ২৮ জন, যা মোট নিবন্ধিত শরণার্থীর ৩৩ শতাংশ। এছাড়া রাজধানী কুয়ালালামপুরে রয়েছেন ৪৭ হাজার ৩৩৩ জন বা ২১ শতাংশ এবং পেনাং রাজ্যে ২৫ হাজার ৩৫৭ জন বা ১১ শতাংশ।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, রাজ্যভিত্তিক এই পরিসংখ্যান ইউএনএইচসিআরের সব পরিচয়পত্রধারী শরণার্থীর সম্মিলিত হিসাব; এটি শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থানসংক্রান্ত পরিসংখ্যান নয়।
এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিভিন্ন বন্দিশিবিরে আটক মিয়ানমারের নাগরিকদের মধ্যেও উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা রয়েছেন। গত ৩১ অক্টোবর পর্যন্ত উপদ্বীপ মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন বন্দিশিবিরে মিয়ানমারের মোট ১১ হাজার ২০৮ জন নাগরিক আটক ছিলেন। তাদের মধ্যে ৬ হাজার ২৯৪ জনই রোহিঙ্গা জনগোষ্ঠীর।
পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় ইউএনএইচসিআরের নিবন্ধিত শরণার্থীদের বড় অংশই মিয়ানমার থেকে আসা এবং তাদের মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে, অভিবাসন বিভাগের বন্দিশিবিরগুলোতে আটক মিয়ানমারের নাগরিকদের অর্ধেকের বেশি রোহিঙ্গা।
Source: জাগো নিউজ২৪






