মালয়েশিয়ার জোহর রাজ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় বিপ্লব হোসেন (৩১) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে, রাজ্যের মোয়া এলাকায়।

বিপ্লবের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার জালালপুর পূর্বপাড়ায়, বাবার নাম লুৎফর রহমান। স্ত্রী এবং ছোট এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন তিনি।

বড় ভাই সবুজ হোসেন জানান, ঘটনার দিন বিকেলে মোয়া এলাকার একটি বাড়িতে টাইলসের কাজ করতে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন বিপ্লব। পেছন থেকে বেপরোয়া গতিতে আসা স্থানীয় কয়েকজন যুবকের একটি মোটরসাইকেল বিপ্লবের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে গিয়ে সড়কের পাশের দেয়ালে আঘাত পান এবং সেখানেই মারা যান।

সবুজ হোসেন আরও জানান, পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল; মালয়েশিয়া যেতে নেওয়া ঋণ এখনো শোধ হয়নি। নতুন করে প্রয়োজনীয় কাগজপত্র করতে না পারায় বিপ্লব সেখানে বৈধ কাগজ ছাড়াই কাজ করছিলেন। দুর্ঘটনার খবরে পরিবারের সবাই ভেঙে পড়েছেন।

জালালপুর গ্রামের স্কুলশিক্ষক অশোক কুমার বিশ্বাস বলেন, বিপ্লবের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।