রাজধানী মালে থেকে বহু দূরের দ্বীপ ফুভাহমুলাহে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তিন দিনের এই ভ্রাম্যমাণ ক্যাম্পে জমা পড়ে প্রায় ১০০টি ই-পাসপোর্ট ও ২৮টি বিএমইটি স্মার্ট কার্ডের আবেদন।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে নেওয়া উদ্যোগটিতে মালেতে না গিয়েই সেবা পেয়ে খুশি দ্বীপের বাংলাদেশিরা। তারা জানান, উড়োজাহাজে মালে যেতে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট লাগে, আসা-যাওয়ায় খরচ ৩০ থেকে ৪০ হাজার টাকা; সঙ্গে থাকা-খাওয়া আর কাজ বন্ধের ক্ষতি তো আছেই।
হাইকমিশনার বলেন, প্রবাসী কর্মীদের সময়, কষ্টের উপার্জন ও কর্মঘণ্টার যথাযথ মূল্য দেওয়াই তাদের মূল লক্ষ্য। দূরের দ্বীপের স্বল্প আয়ের কর্মীদের ভোগান্তি কমাতে প্রয়োজনে অন্য দ্বীপেও ই-পাসপোর্ট, বিএমইটি নিবন্ধনসহ সব সেবা নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।
প্রবাসীরা উদ্যোগটিকে প্রবাসীবান্ধব ও কল্যাণমুখী বলছেন এবং দেশটির অন্য প্রত্যন্ত ও বিচ্ছিন্ন দ্বীপগুলোতেও নিয়মিত এমন ক্যাম্পের দাবি জানিয়েছেন।






