ধারদেনা করে মালদ্বীপে যাওয়া দিনাজপুরের আব্দুল গাফফার (৪২) দেশটিতে পৌঁছানোর পরদিনই মারা গেছেন। বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে।
পরিবার জানায়, গাফফার গত ৬ অক্টোবর শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকা ছাড়েন। মালদ্বীপে পৌঁছে রাতে ঘুমিয়ে পড়েন; সকালে সাড়া না মেলায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং জানান, স্ট্রোকে মৃত্যু হয়েছে।
গাফফারের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কেত্রাহাট এলাকায়, বাবা মো. আবু বক্কর মন্ডল। মরদেহ ফেরাতে পরিবার হাইকমিশন ও সরকারের সহায়তা চেয়েছে; হাইকমিশন জানিয়েছে, প্রক্রিয়া চলছে।






