ওমানে প্রবাসীদের সংগঠন গ্রেটার ঢাকা উইং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটি নতুন করে ঘোষণা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মনির হোসাইন, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আলী আশরাফ।
সহসভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, জাকির হোসেন ও ড. মির্জা ফয়সাল সাম্স। সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ আরমান, সহসাধারণ সম্পাদক জাহেদ ইদ্রিস ও সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলীম। কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান এবং ক্রীড়া সম্পাদক আবু বকর নাজিম।
নেতারা জানান, প্রবাসীদের কল্যাণ এবং বিদেশে বাংলাদেশের সুনাম বাড়ানোই হবে নতুন কমিটির মূল কাজ। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সক্রিয় করার অঙ্গীকার করেছেন তারা।
সাধারণ সম্পাদক আলী আশরাফ বলেন, প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেকেই দেশের প্রতিনিধি। নিজেদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ব বাড়ানো গেলে ব্যক্তি ও সমষ্টি দুই পর্যায়েই বড় পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন তিনি। তার ভাষায়, কমিটি প্রবাসীদের এমন এক প্ল্যাটফর্মে আনতে চায়, যেখানে তারা সমস্যার কথা বলতে ও সমাধান খুঁজতে পারবেন।
তিনি জানান, প্রবাসীদের অধিকার রক্ষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে নানা উদ্যোগ নেওয়া হবে। ওমানের মূলধারার সমাজে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করতেও কাজ করবে সংগঠনটি।
সামাজিক উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন এবং মানবিক সহায়তার মাধ্যমে সংগঠনকে গতিশীল রাখার কথা জানান আলী আশরাফ। সংগঠনটিকে প্রবাসীদের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলা এবং একটি ঐক্যবদ্ধ ও মানবিক প্রবাসী সমাজ গঠনের বিষয়ে আশাবাদ জানান তিনি।





