ওমানের শ্রমবাজার খুলে গেছে, ঢালাওভাবে ভিসা দেওয়া হচ্ছে বা ফ্রি ভিসা মিলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন প্রচারণাকে গুজব ও বিভ্রান্তিকর বলেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। বুধবার (১২ আগস্ট) ভিসা নিয়ে এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার খোলার বিষয়ে ওমান সরকার এখনো কোনো ঘোষণা দেয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তি ঘিরেই এসব প্রচারণা ছড়াচ্ছে। তবে সেটি সরকারের পক্ষ থেকে বাজার খোলার ঘোষণা নয়; সেখানে কেবল আল ধাহিরাহ অঞ্চলে কৃষিশ্রমিকের চাহিদা যাচাই করে প্রয়োজনে শুধু সেখানকার কৃষিকাজে সীমিত সংখ্যায় ভিসা অনুমোদনের কথা বলা হয়েছে।

দূতাবাস জানায়, শ্রমবাজার পুনর্বিন্যাস ও ‘ওমানাইজেশন’ নীতির আওতায় ওমান সরকার বিদেশি কর্মী নিয়োগে নানা বিধিনিষেধ বহাল রেখেছে। তাই এসব প্রচারণায় বিশ্বাস না করতে এবং এর ভিত্তিতে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানকে টাকা না দিতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

কর্মসংস্থান ও ভিসা-সংক্রান্ত যেকোনো তথ্য দূতাবাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওমান সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দাপ্তরিক মাধ্যম থেকে যাচাই করে নিতে বলা হয়েছে।

বিষয়টি নিবিড়ভাবে নজরে রাখা হচ্ছে জানিয়ে দূতাবাস বলেছে, কোনো অগ্রগতি হলে তা যথাসময়ে দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে জানানো হবে। গুজব এড়িয়ে কেবল সরকারি ও নির্ভরযোগ্য উৎসের তথ্যে ভরসা রাখতে বলেছে দূতাবাস।