বাংলাদেশের সংগীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’র বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ।
সংগীতশিল্পে ধারাবাহিক অবদানের পাশাপাশি নিজ উদ্যোগে নতুন মৌলিক গান নির্মাণ, প্রযোজনা ও প্রকাশে নিয়মিত বিনিয়োগ করে আসছেন তিনি। শিল্পের প্রতিকূল সময়েও নতুন সংগীত সৃষ্টির প্রতি তাঁর অবিচল অঙ্গীকার এবং ধারাবাহিক কার্যক্রম সংগীতাঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
একইসঙ্গে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের কাজের সুযোগ সৃষ্টি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায়ও ভূমিকা রেখেছেন ধ্রুব গুহ। তাঁর ব্যক্তিগত নেতৃত্ব ও উদ্যোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় সংগীতকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টাকেও সম্মাননা প্রদানের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে।
সব মিলিয়ে সংগীতশিল্পের বিকাশে তাঁর সামগ্রিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই সিজেএফবি (কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ) এই বিশেষ সম্মাননা দিচ্ছে বলে জানিয়েছেন ফোরামের সভাপতি এনাম সরকার।
আগামী ১৬ ডিসেম্বর ২০২৬, বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (সাবেক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘হল অব ফেমে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’র ২৫তম আসর। সেখানেই ধ্রুব গুহর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে সিজেএফবি সভাপতি নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন
Source: জাগো নিউজ২৪






