বাংলাদেশের ব্যান্ড সংগীতের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী এবার গান লেখার পাশাপাশি বাংলা গানের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। তিনি প্রায় ছয় বছরের গবেষণায় লিখেছেন বাংলা গানের শত বছরের ইতিহাস নিয়ে একটি বই। বইটির নাম ‘গ্রামোফোন থেকে অডিও ক্যাসেট: শত বছরের বাংলা গান’।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার রেনেসাঁ হোটেলে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে আজব কারখানা প্রকাশনা আড্ডার আয়োজন করে। প্রকাশনা অনুষ্ঠানে শহীদ মাহমুদ জঙ্গী জানান, ১৮৯১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলা গানের ইতিহাস তুলে ধরা হয়েছে বইটিতে। গ্রামোফোনের যুগ থেকে অডিও ক্যাসেটের সময় পর্যন্ত বাংলা গানের বিবর্তন ও বিকাশের নানা দিক স্থান পেয়েছে এতে।

লেখক প্রায় ছয় বছরের গবেষণায় ২২৫ জন শিল্পী ও সুরকারের কাজ নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি গীতিকবিদের পরিচয় এবং বাংলা গানে তাঁদের অবদানও তুলে ধরেছেন তিনি। লেখকের আশা, বাংলা গানের ইতিহাস নিয়ে ভবিষ্যতে যারা গবেষণা করবেন, তাঁদের জন্য বইটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজে আসবে।

বইয়ের শিরোনামে থাকা গ্রামোফোন ও অডিও ক্যাসেট—দুটি মাধ্যমই বাংলা গানের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। গ্রামোফোনের মাধ্যমে বাংলা গানের বাণিজ্যিক রেকর্ডিংয়ের সূচনা হয়েছিল। অন্যদিকে অডিও ক্যাসেটের সময় বাংলাদেশের ব্যান্ড সংগীত জনপ্রিয়তার নতুন মাত্রা পায়। বইটিতে এই দুই সময়ের মধ্য দিয়ে বাংলা গানের দীর্ঘ যাত্রা তুলে ধরার চেষ্টা করেছেন লেখক।

শহীদ মাহমুদ জঙ্গীর জন্ম ১৯৫৬ সালের ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে। জীবনের দীর্ঘ সময় কেটেছে সেখানেই। ১৯৮৫ সাল থেকে ব্যবসা ও সংগীতের সূত্রে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। তাঁর লেখা গান ছড়িয়ে আছে সোলস, রেনেসাঁ ও এলআরবির বিভিন্ন অ্যালবামে।

সোলসের ‘চায়ের কাপে পরিচয়’, ‘ভালোবাসি ওই সবুজের মেলা’, রেনেসাঁর ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’, ‘আজ যে শিশু’ এবং এলআরবির ‘একদিন ঘুম ভাঙা শহরে’ তাঁর লেখা উল্লেখযোগ্য গান। এছাড়া সামিনা চৌধুরীর কণ্ঠে জনপ্রিয় ‘সময় যেন কাটে না’ গানটির গীতিকারও তিনি।

আশির দশকে সোলসের জন্য প্রেমের গানের পাশাপাশি সমাজ ও সময় নিয়েও গান লিখেছেন জঙ্গী। ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবামের জন্য লিখেছিলেন ‘মুক্তো মানিক পাবার আশায়’। গানটির সুর করেছিলেন তপন চৌধুরী। অন্যদিকে আইয়ুব বাচ্চুর গাওয়া প্রথম বাংলা গান ‘হারানো বিকেলের গল্প’র গীতিকারও শহীদ মাহমুদ জঙ্গী।

‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানটি তৈরির পেছনেও রয়েছে মজার গল্প। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে মাইক্রোবাসে বসেই গানটির দুটি অন্তরা লিখেছিলেন জঙ্গী। পরদিন বিটিভিতে রেকর্ডিংয়ের আগে ঢাকার হোটেল ব্লু নাইলে আইয়ুব বাচ্চু গিটার এবং পার্থ বড়ুয়া কি-বোর্ড নিয়ে বসেন। সারা রাতের কাজ শেষে তৈরি হয় গানটি। পরে এটি জায়গা পায় এলআরবির প্রথম অ্যালবামে।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে শহীদ মাহমুদ জঙ্গীর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় স্মৃতিচারণাগ্রন্থ ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’। জয় শাহরিয়ারের সম্পাদনায় প্রকাশিত বইটিতে নকীব খান, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, ফোয়াদ নাসের বাবু, পিলু খান ও পার্থ বড়ুয়াসহ সংগীতজগতের অনেকেই জঙ্গীকে নিয়ে স্মৃতিচারণা করেছেন।

শুক্রবারের প্রকাশনা আড্ডায় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, নাসিম আলী খান, পিলু খান, তপন চৌধুরী, গোলাম মোর্শেদ, লাবু রহমান ও শাহজাদা মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে হামিন আহমেদ বলেন, বাংলাদেশে গান নিয়ে গবেষণা ও বই প্রকাশের চর্চা খুব একটা নেই। সে ক্ষেত্রে এই বই একটি মাইলফলক হয়ে থাকবে। এ কাজের জন্য লেখক ও প্রকাশককে অভিনন্দন জানান তিনি। ফোয়াদ নাসের বাবুও বাংলা গানের ইতিহাস সংরক্ষণে এমন গবেষণাধর্মী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে প্রকাশক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, বাংলা গানের ইতিহাস চর্চা ও সংরক্ষণে বইটি ভূমিকা রাখবে।

অমর একুশে বইমেলার আগে প্রকাশিত বইটি আজব প্রকাশের ফেসবুক পেজ এবং বিভিন্ন অনলাইন বইয়ের দোকান থেকে অর্ডার করা যাচ্ছে।

তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন

Source: জাগো নিউজ২৪