‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে পলি চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেত্রী গুলশান আরা আহমেদের মৃত্যুর ঘটনা এবার পর্দায় দেখানো হয়েছে। আবেগঘন এই পর্ব উপহার দিয়েছে ধারাবাহিকটির টিম।
গুলশান আরা আহমেদ গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পলি চেয়ারম্যান চরিত্রের মাধ্যমেই তিনি নতুন করে পরিচিতি পান। ধারাবাহিকটিতে কাবিলার মা হিসেবে তাঁর উপস্থিতি ছিল মূলত ফোনালাপের মধ্য দিয়ে। পরে কাবিলার সঙ্গে তাঁর বন্ধুরা গ্রামে গেলে কয়েকটি পর্বে সরাসরি দেখা যায় তাঁকে। একজন পার্শ্বচরিত্রের অভিনেত্রী হয়েও দর্শকের মনে গভীর জায়গা করে নেওয়া সম্ভব, সেটিই যেন আবার সামনে আনল ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শেষ ছয়টি পর্ব। এখানেই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র পলি চেয়ারম্যানের মৃত্যুর খবর আসে। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে গ্রামে ফিরে যায় কাবিলা; তাঁর সঙ্গে যায় বন্ধুরাও। মাকে হারানোর শোক এবং বন্ধুদের উপস্থিতিতে তৈরি হওয়া দৃশ্যগুলো আবেগাপ্লুত করেছে দর্শকদের।
শুধু গল্পের মধ্যেই নয়, বাস্তবের গুলশান আরাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ধারাবাহিকটির নির্মাতা ও কলাকুশলীরা। পর্বটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত এই অভিনেত্রীকে। পর্বের শেষে তাঁর ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘প্রয়াত গুলশান আরা আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই পর্বটি তাকে উৎসর্গ করা হলো।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও পর্বটি নিয়ে আবেগ প্রকাশ করছেন দর্শকেরা।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, পঞ্চম সিজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দীর্ঘ পথচলা। তবে শেষ পর্বে গল্পের কিছু সম্ভাবনা খোলা রাখা হয়েছে। ফলে দর্শকের আগ্রহে ভবিষ্যতে ধারাবাহিকটি আবারও ফিরতে পারে কি না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন।
Source: জাগো নিউজ২৪






