এক কনসার্ট শেষ হতে না হতেই ঢাকার মঞ্চে আরেক আন্তর্জাতিক সংগীত তারকাকে আনার পরিকল্পনার কথা জানালেন আয়োজক। রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার পরিবেশনা দেখতে আসা দর্শকদের জন্য এবার নতুন চমক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে ঢাকায় আসতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বসংগীতে শাকিরা পরিচিত নাম। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। ‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’-এর মতো গান তাকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা এনে দিয়েছে। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ এখনো বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে সমান পরিচিত।

আয়োজকদের পক্ষ থেকে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ফলে আপাতত শাকিরাকে ঢাকায় আনার বিষয়টি আয়োজকের পরিকল্পনা হিসেবেই রয়েছে। একই সঙ্গে তাঁর নতুন ঘোষণায় আন্তর্জাতিক সংগীত তারকাদের ঢাকায় দেখার অপেক্ষায় থাকা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।

তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন

Source: জাগো নিউজ২৪