বলিউডের জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘ধাড়কান’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের আলোচনা শুরু হয়েছে। ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটির সিক্যুয়েলে মূল তিন তারকা—অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও সুনীল শেঠি—থাকবেন কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধাড়কান ২’ নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে নতুন সিনেমাটি আগের সিনেমার গল্পের সরাসরি ধারাবাহিকতা হবে না। প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি হবে নতুন গল্প।
সূত্রের দাবি, সিনেমাটির পরিচালক হিসেবে নতুন একটি নাম উঠে এসেছে। ‘ধাড়কান ২’ পরিচালনার দায়িত্ব পেতে পারেন শ্রী নারায়ণ সিং। এর আগে তিনি অক্ষয় কুমারকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করেছেন।
নতুন কিস্তিতে বলিউডের কয়েকজন নতুন মুখের অভিষেক হওয়ার সম্ভাবনাও রয়েছে। এমনকি একজন পরিচালকের ছেলেও এই সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখতে পারেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পাওয়া ‘ধাড়কান’ পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন। সিনেমাটিতে অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও সুনীল শেঠি ছাড়াও অভিনয় করেন শর্মিলা ঠাকুর, পারমিত শেঠি, কিরণ কুমার, সুষমা শেঠ ও মনজিত কুল্লার।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছিল অঞ্জলি, দেব ও রামকে ঘিরে। অঞ্জলি ও দেব একে অপরকে ভালোবাসতেন, কিন্তু পারিবারিক সিদ্ধান্তে রামকে বিয়ে করেন অঞ্জলি। কয়েক বছর পর দেবের সঙ্গে আবার দেখা হলেও ততদিনে রামের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে তার মনে। প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েনের এই গল্প দর্শকদের কাছে বিশেষ আবেদন তৈরি করেছিল।
সিনেমাটির জনপ্রিয়তায় বড় ভূমিকা রেখেছিল গানগুলো। নাদিম-শ্রাবণের সুরে এবং সমীরের কথায় তৈরি ‘দিল নে ইয়ে কহা হ্যায় দিল সে’, ‘তুম দিল কি ধাড়কান মে’, ‘দুলহে কা সেহরা’ ও ‘না না করতে প্যায়ার’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে সমান পরিচিত। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সিনেমাটির গানের অ্যালবামের প্রায় ৪৫ লাখ কপি বিক্রি হয়েছিল। মুক্তির বছর ‘মোহাব্বতে’র পর এটি ছিল দ্বিতীয় সর্বাধিক বিক্রীত অ্যালবাম।
বক্স অফিসেও সফল হয়েছিল সিনেমাটি। বিশ্বজুড়ে এর আয় ছিল প্রায় ২৬ কোটি রুপি।
তথ্যসূত্র: মিড-ডে ও জাগো নিউজ বিনোদন
Source: জাগো নিউজ২৪






