ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গানের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা থাকলেও সরকারি বিধিনিষেধ বা চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি কোনো কিছুই পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ কমাতে পারছে না। ভিপিএন ব্যবহার করে অনলাইনে নাটক দেখার পাশাপাশি বিভিন্ন শহরে গোপনে আয়োজন করা হচ্ছে ঘরোয়া প্রদর্শনী। এমনকি পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ নিয়েও ভারতে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেত লো’। ট্রেলার প্রকাশের পর থেকেই ভারতে সিরিজটির প্রচার বন্ধের দাবি উঠেছে। এদিকে সিরিজটি ভারতে মুক্তি পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সংগঠনটির সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, নেটফ্লিক্স সিরিজটি ভারতে প্রচার করলে তাঁরা সারা দেশে নেটফ্লিক্সের বিভিন্ন প্রকল্প থেকে কর্মীদের প্রত্যাহার করে নেবেন। পাশাপাশি শুটিংও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্যদিকে, ভারতে পাকিস্তানি শিল্পী ও কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। তবে এত কড়াকড়ির মধ্যেও পাকিস্তানি সিরিজটির প্রতি দর্শকদের আগ্রহ কমেনি। ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ ও হানিয়া আমিরের মতো জনপ্রিয় তারকাদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।
একই সঙ্গে পাকিস্তানি টিভি নাটকও ভারতের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি ঘরোয়া প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক সংগঠক আবু সুফিয়ান খান। মাত্র ৪৫ জন দর্শকের জায়গা থাকলেও ওই প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য অনুরোধ আসে সাত শতাধিক। ভারতের বিভিন্ন শহরেও নাটকটি নিয়ে ওয়াচ পার্টি ও দলবদ্ধ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর দুই দেশের মধ্যে চার দিনের সংঘাতের পর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ করে ভারত। তবে ইউটিউবে পাকিস্তানি চ্যানেলগুলোতে ভৌগোলিক নিষেধাজ্ঞা থাকলেও ভিপিএন ব্যবহার করে তা এড়িয়ে যাচ্ছেন দর্শকেরা। পর্যবেক্ষণ সংস্থা টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে নিষেধাজ্ঞা জারির দিন ভারতে ভিপিএন সার্চ বেড়েছিল ৭২ শতাংশ।
দুই দেশের মানুষের ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনের মিল পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ বাড়ানোর অন্যতম কারণ বলে মনে করেন জার্জিস সেজা। অন্যদিকে, আবু সুফিয়ান খানের মতে, বলিউডের সিনেমা ও ভারতীয় নাটকে মুসলিম চরিত্রগুলোকে অনেক সময় গতানুগতিক কিংবা নেতিবাচকভাবে তুলে ধরা হয়। বিপরীতে ‘দার-এ-নিজাত’-এর মতো পাকিস্তানি নাটকে ইসলাম ও মুসলিম সংস্কৃতির স্বাভাবিক ও অন্তর্ভুক্তিমূলক উপস্থাপন দর্শকদের আকৃষ্ট করছে।
দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, গত কয়েক বছরে পাকিস্তানি নাটক, গান ও অন্যান্য কনটেন্টের বিস্তারে দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত কিছু ধারণা বদলাতে শুরু করেছে। একসময় পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ থাকলেও পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের জনপ্রিয়তা থামানো যায়নি। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যেমনই হোক, সংস্কৃতি বরাবরই মানুষের মধ্যে সংযোগ তৈরির সেতু হিসেবে কাজ করেছে—এমনটাই জানাচ্ছে আল জাজিরার প্রতিবেদন।
Source: জাগো নিউজ২৪






