বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী বারী সিদ্দিকীর স্মরণে নতুন করে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া কালজয়ী গান ‘শুয়া চান পাখি’। উকিল মুন্সির লেখা এই জনপ্রিয় গানটিতে এবার কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী, সেতারবাদক ও সংগীত পরিচালক জাহাঙ্গীর আলম (শ্রাবণ)।
গত ২৪ নভেম্বর বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস উপলক্ষে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটির এই নতুন পরিবেশনা প্রকাশ করা হয়। বার্তা সংস্থা এলআইএ’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, জাহাঙ্গীর আলম (শ্রাবণ)-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘Covered by Shraban’ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হয়েছে।
বারী সিদ্দিকীর দরদমাখা কণ্ঠ ও স্বতন্ত্র গায়কিতে ‘শুয়া চান পাখি’ গানটি শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। সময়ের সঙ্গে গানটি বাংলা লোকসংগীতের অন্যতম কালজয়ী সৃষ্টি হিসেবে জায়গা করে নিয়েছে। বিরহ, ভালোবাসা ও মাটির মানুষের জীবনের নানা অনুভূতি উঠে এসেছে গানটির কথায়।
গানটি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম (শ্রাবণ) বলেন, ‘বারী সিদ্দিকী আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। তাঁর কণ্ঠ, গায়কির স্বতন্ত্রতা এবং গানের প্রতি গভীর দরদ আমাকে সব সময় মুগ্ধ করে। ‘শুয়া চান পাখি’ এমন একটি গান, যার সঙ্গে শ্রোতাদের আবেগ ও ভালোবাসা মিশে আছে। গানটি গাওয়া আমার জন্য যেমন আনন্দের, তেমনি অনেক বড় একটি দায়িত্বেরও বিষয়।’
তিনি আরও বলেন, ‘বারী সিদ্দিকীর মতো একজন কিংবদন্তি শিল্পীর গাওয়া গান নতুন করে পরিবেশন করা সহজ কোনো বিষয় নয়। তাঁর গায়কিকে অনুকরণ করার চেষ্টা নয়, বরং নিজের অনুভূতি ও শ্রদ্ধা থেকেই গানটি পরিবেশন করেছি।’
Source: জাগো নিউজ২৪






