আবদুন নূর সজল ও অধরা খান জুটির প্রথম সিনেমা ‘ঋতুকামিনী’ ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে গেছে। সব প্রস্তুতি শেষ হলেও নতুন পরিকল্পনা অনুযায়ী ছবিটি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। নির্মাতা জাহিদ হোসেন নিজেই মুক্তির সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদ হোসেন আজকের পত্রিকাকে জানান, সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। তবে স্পনসরশিপ-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময় থেকে এক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্মাতা বলেন, ‘ঋতুকামিনী মুক্তির জন্য প্রস্তুত। কিন্তু স্পনসরশিপ জটিলতার কারণে এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রযোজক বিভিন্ন স্পনসরের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি, শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’

গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘ঋতুকামিনী’তে উঠে আসবে সামাজিক অবক্ষয়, অনৈতিকতা ও পারিবারিক নানা প্রতিবন্ধকতার গল্প। এতে গ্রামের বখাটে যুবক জামাল চরিত্রে অভিনয় করেছেন সজল। অন্যদিকে, গ্রামের সহজ-সরল মেয়ে কুমকুমের ভূমিকায় দেখা যাবে অধরা খানকে।

প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। একই বছর শেষ হয় দৃশ্যধারণের কাজ। পরে সেন্সর ছাড়পত্রও পায় ছবিটি।

মোয়াজ্জেম হুসেন প্রযোজিত সিনেমাটিতে সজল ও অধরা ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ আরও অনেকে। সজল ও অধরার প্রথম জুটির সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও আপাতত অপেক্ষা করতে হচ্ছে নতুন বছরের জানুয়ারি পর্যন্ত।

তথ্যসূত্র: জাগো নিউজ বিনোদন

Source: জাগো নিউজ২৪