জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ জন অনুসারী বিএনপিতে যোগ দিয়েছেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুরের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এক মতবিনিময় সভায় তাঁদের আনুষ্ঠানিক যোগদান হয়।

দলে আসা নতুন কর্মীদের মধ্যে আছেন তৌহিদুর রহমান বাবু, কামাল হোসেন মিন্টু, রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ।

আমজাদুল ইসলাম বলেন, যোগ দেওয়া কর্মীরা তাঁর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং জাতীয় নির্বাচনেও নজরুলের পক্ষে কাজ করেছেন। তাঁর দাবি, সম্প্রতি গাজী নজরুলের অপকর্ম দেখে তাঁরা দল বদলের সিদ্ধান্ত নেন।

নেতারা বলেন, তৃণমূলে দলকে শক্তিশালী করতে নানা শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে আসছেন; নবাগতদের দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তাঁরা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির ও উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।