সাকিব আল হাসানের নামে থাকা সব রেকর্ড, মাইলফলক ও পরিসংখ্যান ক্রিকেট ইতিহাস থেকে মুছে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুল আলম, যিনি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছিলেন। শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এ দাবি তোলেন।
পোস্টে তিনি লেখেন, ‘দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে’ যিনি প্রকাশ্যে পূজা করেন, ক্রিকেট ইতিহাসে তাঁর জায়গা পাওয়ার অধিকার নেই। তাঁর ভাষ্য, গ্রায়েম ও পিটার পোলক, ব্যারি রিচার্ডস, এডি বার্লো ও মাইক প্রোক্টর সাকিবের চেয়ে অনেক বড় ক্রিকেটার ছিলেন, তাঁদের হাতে রক্ত বা সাকিবের মতো দুর্নীতির দাগ ছিল না; শুধু এক বর্ণবাদী শাসনের অংশ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁদের বাদ পড়তে হয়েছিল।
তাঁর অভিযোগ, সাকিব হয়তো কোনো দিন বিসিবি সভাপতি হওয়ার আশায় এক হিটলারের পূজা করেন, আর স্বপ্ন দেখেন দেশে ফিরে এক খুনি শাসনব্যবস্থাকে পুনর্বাসিত করার। শেখ হাসিনাকে সাকিবের ক্যাপ্টেন উল্লেখ করে তিনি দাবি করেন, জাতিসংঘের স্বাধীন অনুসন্ধান মিশন তাঁদের গণহত্যার অপরাধ নথিভুক্ত করলেও সাকিবের কোনো অনুশোচনা দেখা যায়নি।
পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন, ২০০৯ সালে বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সামরিক কর্মকর্তা হত্যার ঘটনায় কাবাডি, ভলিবল, বাস্কেটবল, কুস্তি ও অ্যাথলেটিক্সের জাতীয় চ্যাম্পিয়নসহ কয়েকজন ক্রীড়াবিদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজা হয়েছিল, কিন্তু তাঁদের জন্য কেউ চোখের জল ফেলেনি, ক্ষমার আবেদনও করেনি। গণহত্যাকারীর পূজা করে পার পাওয়া যায় না, এটি সাকিবের বোঝা উচিত বলেও মন্তব্য করেন তিনি।






