বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আমলাতন্ত্রের কেউ হোন বা রাজনৈতিক ব্যক্তি, সরকারি কাজে গাফিলতি করলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি যাঁরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাঁদের উৎসাহ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রিজভী। বইটি সম্পাদনা করেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

বইয়ের গুরুত্ব নিয়ে রিজভী বলেন, অন্ধকার দূর করতে বই বাতির মতো কাজ করে; মানবসভ্যতা আর আজকের বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতির পেছনেও রয়েছে বইয়ের ভূমিকা। বিজ্ঞানীরা নিজেদের তত্ত্ব ও আবিষ্কার বই আকারে প্রকাশ করেছিলেন বলেই পরের প্রজন্ম তা পড়ে নতুন আবিষ্কারের পথে এগোতে পেরেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, বই মনের জগতের পাসপোর্ট; বই না পড়লে মানুষের ভেতর ও বাইরের দুই জগৎই অন্ধকারে থেকে যায়।

রিজভী বলেন, সরকারের পাঁচ মাসের কার্যক্রম নিয়ে লেখা বইটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন, হেলথ কার্ড চালুর প্রস্তুতি এবং গ্যাস সংকট সামলাতে নেওয়া পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ আছে বলে জানান তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী সারা দেশে মাঠপর্যায়ের কাজ তদারক করছেন এবং জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের উদ্যোগও বইটিতে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

সরকারবিরোধী অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, তথ্য-উপাত্তে ভরা এ প্রকাশনা বিভ্রান্তি দূর করতে সহায়তা করবে। বইটির লেখক রোটারিয়ান নাজমুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; তিনি বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা। ফোরামের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত আসন) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান।