বিজয় একাত্তর হল থেকে বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কয়েকটি সংবাদমাধ্যম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী হিসেবে তুলে ধরায় প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শাখাটির দাবি, ওই শিক্ষার্থী কোনোভাবেই ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত নন।

শুক্রবার (৭ আগস্ট) পাঠানো বিবৃতিতে শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে সই করেন মো. মিফতাহুল হোসাইন আল মারুফ। এতে বলা হয়, ওই শিক্ষার্থীর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক না থাকার বিষয়টি আগেও একাধিকবার স্পষ্ট করা হয়েছে। এ ধরনের খবরকে ‘মিথ্যাচার, বানোয়াট তথ্য পরিবেশন ও হলুদ সাংবাদিকতা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় সংগঠনটি।

বিবৃতির ভাষ্য, ছাত্রশিবির সব ধরনের নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে সরব এবং ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী অন্য কারও ওপর শারীরিক হামলা চালালে সে বিষয়ে সংগঠনের অবস্থান পরিষ্কার। এক শিক্ষার্থীর অভিযোগের পর হল প্রশাসনের তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিও শ্রদ্ধা জানায় সংগঠনটি।

তবে শিবিরের অভিযোগ, সম্প্রতি শাহবাগ থানা প্রাঙ্গণ, শহীদুল্লাহ হল ও মহসিন হলসহ ক্যাম্পাসের নানা জায়গায় ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য, ডাকসু ও হল সংসদের নেতা এবং শিবিরের নেতাকর্মীরা আহত হয়েছেন। এসব ঘটনার স্পষ্ট ভিডিও থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার নিশ্চিতে গড়িমসি করছে বলে দাবি করে সংগঠনটি বলেছে, এ আচরণ ফ্যাসিবাদী আমলের দলীয় দাসত্বের কথা মনে করিয়ে দেয়।

ক্যাম্পাসে ঘটে যাওয়া প্রতিটি হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করে শাখা ছাত্রশিবির উদ্দেশ্যমূলক দেরি না করে সুষ্ঠু তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে।