গাইবান্ধার সাঘাটায় যুবদলের এক নেতার ছুরিকাঘাতে নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১০টা নাগাদ বোনারপাড়া সরকারি কবরস্থানে পৌঁছে নিহত দুজনের বাবা হাবিবুর রহমান ও শামসুল হুদা দুদুকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন তিনি। কবরের পাশে বিশেষ মোনাজাত শেষে দুই পরিবারের বাসায় গিয়ে স্বজনদের খোঁজ নেন ও সমবেদনা জানান।

জিয়ারতের সময় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, স্থানীয় দুই সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ (গাইবান্ধা-৫) ও জেলা জামায়াতের আমির আব্দুল করিম (সদর-২) উপস্থিত ছিলেন।

এরপর তিনি বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত জনসভায় যোগ দেন।