নির্বাচন পদ্ধতিতে সংস্কার না এলে ভবিষ্যতে নির্বাচনি সহিংসতা ও অনিয়ম আরও অভিনব চেহারায় বাড়বে বলে সতর্ক করেছেন এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তার মতে, ২০২৬-এর নির্বাচনে প্রাণহানি ও সহিংসতা আগের তুলনায় কম হলেও কৌশলগত ম্যানিপুলেশন নতুন রূপ নিয়েছে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে সোমবার (১০ আগস্ট) সকালে ইপিডি (ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি) ও ‘অধিকার’ আয়োজিত স্টেকহোল্ডার ডায়ালগে তিনি এসব কথা বলেন। সংলাপে বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ অনেকে বক্তব্য দেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের অভিজ্ঞতা টেনে মঞ্জু বলেন, কারা ক্ষমতায় আসছে তা ভোটের আগেই স্পষ্ট হয়ে গেলে নির্বাচন কর্তৃপক্ষ বা মাঠ প্রশাসনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি মনে করেন, ওই নির্বাচনে বিএনপি ও জামায়াত যেখানে যতটা পেরেছে, প্রভাব খাটিয়েছে। সংস্কার প্রস্তাব কার্যকর না হলে সামনেও যার যেখানে প্রভাব, সেখানে প্রভাবশালীদের পক্ষে ১৫ থেকে ২০ শতাংশ শান্তিপূর্ণ ম্যানিপুলেশন হবে বলে তার আশঙ্কা।

ক্যাম্পাসে সরকারি ছাত্রসংগঠনের সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের চেষ্টা এবং বিরোধীদের প্রতিরোধের প্রসঙ্গ টেনে মঞ্জু বলেন, এমন রক্তক্ষয়ী সংঘাতের পরিণতি অতীতে ভালো হয়নি, সামনেও হবে না। এর সমাধানে উদ্যোগ নিতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।