মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে শুক্রবার (১৪ আগস্ট) বরিশালে হারিকেন হাতে মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর কমিটি। জুমার পর ও বিকেলে আলাদাভাবে কর্মসূচি দুটি পালিত হয়।

জুমার পর নগরীর চকবাজার ফলপট্টির রোডের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল প্রধান সড়ক ঘুরে সেখানেই শেষ হয়। পরে মহানগরের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ব্যানার ও হারিকেন হাতে মিছিল নিয়ে অশ্বিনী কুমার টাউন হলের সামনে যান।

নেতারা অভিযোগ করেন, লোডশেডিং, ভূতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটে নগরবাসীর জীবন বিপর্যস্ত, আর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বেসরকারি সিন্ডিকেটের হাতে যাওয়ায় দুর্ভোগ বাড়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস খাত সরকারের সরাসরি ব্যবস্থাপনায় রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা দাবি করেন, অতীতের নানা আন্দোলনের অনেকটাই ছিল ‘আর্টিফিশিয়াল’, অথচ এখন একই ধরনের দুর্ভোগ চললেও বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না।

কর্মসূচিতে অন্যদের মধ্যে এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা ও ছাত্রশক্তির বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ উপস্থিত ছিলেন।