দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য যুদ্ধ নয়, সরকারের অব্যবস্থাপনাই দায়ী বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ডিএনসিসির মেয়র প্রার্থী।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজধানীর উত্তর বাড্ডায় আয়োজিত মোমবাতি মিছিলে তিনি বলেন, ‘ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।’ যুদ্ধের অজুহাতে সরকার দায় এড়াতে পারবে না এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা অতীতেও ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
সেলিম উদ্দিন দাবি করেন, কয়েক সপ্তাহের এই বিদ্যুৎ সংকট সাধারণ কোনো সমস্যা নয়। ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোর প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ যখন অন্ধকারে, তখন এমন সিদ্ধান্ত জনগণ কোনোভাবেই মানবে না।
সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ এবং গ্যাস-বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে।
মিছিল শেষে তিনি বলেন, এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, একটি বার্তাও; অন্ধকার যত গভীর হোক, জনগণের কণ্ঠ থামবে না। মিছিলে ঢাকা মহানগর উত্তরের অফিস সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দিন মোল্লাসহ আরও অনেকে অংশ নেন।






