সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল হয়। মাহফিলে দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এখন রাষ্ট্রপতি প্রার্থী, বলেন, বিএনপিকে জনপ্রিয় দলে পরিণত করার মূল কারিগর ছিলেন খালেদা জিয়া।
মির্জা ফখরুল বলেন, এই দিনে এমন এক নেত্রীর জন্ম হয়েছিল, যার ভাগ্য বাংলাদেশের সঙ্গে মিশে গিয়েছিল; নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি বারবার দেশে গণতন্ত্র ফিরিয়েছেন, দেশকে সমৃদ্ধ করার লড়াইয়েও সামনে ছিলেন। সে কারণে দিনটিকে আনন্দের দিন হিসেবে উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে যে প্রকৃত রাজনৈতিক শক্তিতে রূপ নিয়েছে, সেই অর্জনের পেছনে মূল ভূমিকা খালেদা জিয়ার। আপসহীন অবস্থান, দলকে আগলে রাখা এবং নেতাকর্মীদের মূল্যায়নের জন্য পরিচিত এই নেত্রী আজ নেই, তবে তার অনুপ্রেরণা নেতাকর্মীদের সবসময় পথ দেখাবে বলে মন্তব্য করেন তিনি।
দিনটিতে বিএনপিকে দেশ পরিচালনায় সক্ষম একটি প্রকৃত গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার শপথ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি এখন সরকারে, আর মানুষ আশা করছে এই সরকার খালেদা জিয়ার নীতি, তার ঘোষিত ভিশন-২০৩০ ও পরে দলের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে, দলকে শক্তিশালী করবে এবং দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান ও রুহুল কবির রিজভী এবং সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এমপিসহ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন; শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।






