দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের নেতারা শুক্রবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ভবিষ্যৎ রাষ্ট্রপতিকে আগাম শুভেচ্ছাও জানান।
বিবৃতিটি দেন জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খান (মুসলিম লীগের সভাপতি) ও মুখপাত্র এসএম শাহাদাত (বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান)। এতে আরও আছেন এনপিপি চেয়ারম্যান মোস্তফিজুর রহমান মোস্তফা, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন, ডেমোক্রেটিক লীগ সভাপতি মইনউদ্দিন কাদরী এবং জাগপা সভাপতি জাকির হোসেন রিয়াজ ও মহাসচিব খোকন চন্দ্র দাসসহ অনেকে।
নেতারা আশা প্রকাশ করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিচক্ষণতা দিয়ে মির্জা ফখরুল দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন; তাদের দাবি, হাসিনা সরকারবিরোধী আন্দোলনে এবং ভোট ও ভাতের অধিকারের সংগ্রামে তিনি সব সময় আপসহীন ছিলেন। রাজনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে এবং তিনিই নির্বাচিত হবেন বলে মনে করেন তারা।
দায়িত্ব নিয়ে তিনি সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনতে জোরালো ভূমিকা রাখবেন বলেও বিশ্বাস করেন জোট নেতারা। এমন সময়োপযোগী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে তারা বিশেষ ধন্যবাদ জানান।






