নারীদের নিরাপদ চলাচলের জন্য সরকারের চালু করা পৃথক ‘মহিলা বাস সার্ভিস’-এর উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের আলাদা শ্রেণিকক্ষের ব্যবস্থা করার দাবি তুলেছে সংগঠনটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাঙামাটি কলেজ গেটের কাছে একটি রেস্টুরেন্টে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাঙামাটি জেলা শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভায় দাবিটি তুলে ধরেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।
তিনি বলেন, নারীদের নিরাপদ যাতায়াতে সরকারের আলাদা বাস চালুর পদক্ষেপ প্রশংসনীয়, একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে ও মেয়েদের পৃথক শ্রেণিকক্ষের বিষয়টিও বিবেচনা করা দরকার। তার দাবি, এতে শিক্ষাঙ্গনে শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিকর পরিবেশ তৈরি হবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় বেশি মনোযোগী হবে।
সভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম. ফোরকান আলী ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম এবং রাঙামাটি জেলা ছাত্র জমিয়তের নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূলে সংগঠন শক্তিশালী করা ও নেতাদের মধ্যে সমন্বয় বাড়ানো নিয়েও আলোচনা হয়।






