ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে উচ্চশব্দে গান বাজানো নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাকে ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতিশোধমূলক অপচেষ্টা’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। ছাত্রদের ওপর লাঠিচার্জ ও ছররা গুলি ছোড়া হয়েছে অভিযোগ করে দলটি এর তীব্র নিন্দা জানিয়েছে এবং দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছে।
বুধবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এসব দাবি জানান। বিবৃতিটি পাঠান দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জনাইদ।
মহাসচিবের দাবি, পরীক্ষার্থী ছাত্ররা কোনো বিশৃঙ্খলা করতে নয়, বরং পরীক্ষার প্রস্তুতির জন্য উচ্চশব্দের গান বন্ধ বা আওয়াজ কমানোর অনুরোধ জানাতে পুলিশ লাইন্সে গিয়েছিল। তার অভিযোগ, কথা না শুনে পুলিশের একটি অংশ নির্বিচারে লাঠিপেটা করে ও ছররা গুলি ছোড়ে, এতে শিশু-কিশোরসহ অনেক শিক্ষার্থী আহত হয়। পুলিশের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ প্রশাসনে বিগত শাসনের অনুগত কোনো গোষ্ঠী এখনো সক্রিয় কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান জালালুদ্দীন আহমদ। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের শনাক্ত করে দ্রুত বরখাস্ত ও আইনি ব্যবস্থা এবং পুলিশ লাইন্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের ভূমিকা তদন্তের দাবি জানান।
আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং কোমলমতি ছাত্রদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিও জানান তিনি। তার মতে, নতুন বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে।






