কলকাতা ও লন্ডনে আলাদা দুই ঘটনায় ১০ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের শোকবাণী বুধবার (১৯ আগস্ট) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক হোটেলে আগুন লেগে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি প্রাণ হারান। অন্যদিকে পূর্ব লন্ডনে গত ১৭ আগস্ট দুর্বৃত্তের গুলিতে নিহত হন মাছুম মিয়া (৪০) নামের এক বাংলাদেশি যুবক।
শোকবার্তায় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, চিকিৎসাসহ নানা প্রয়োজনে ভারতে যাওয়া দেশের মানুষের এমন ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টের। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তিনি আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। স্বজনরা যেন এই অপূরণীয় ক্ষতি ও শোক সামলে উঠতে পারেন, সে জন্য মহান রবের কাছে দোয়া করেন তিনি।
দগ্ধ ও গুরুতর আহতদের দ্রুত সেরে ওঠার কামনা জানিয়ে তিনি ভারতের বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান, নিহতদের মরদেহ যেন দ্রুত ও মর্যাদার সঙ্গে দেশে ফেরানো হয় এবং আহতরা যথাযথ চিকিৎসা পান।






