সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলাম ফেসবুকে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সেটি মুছে ফেলেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের অ্যাকাউন্ট থেকে পোস্টটি দিয়েছিলেন তিনি।

শ্যামনগরবাসীকে উদ্দেশ করে লেখা ওই পোস্টে কুমিরদীঘি কেন্দ্রের ভোটের পর তাকে প্রতিনিধি নির্বাচিত করায় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সেখানে তিনি লেখেন, ‘আপনাদের আশাহত করার জন্য আমি ক্ষমা প্রার্থী।’

পোস্টটি প্রকাশের পর তাতে নানা ধরনের মন্তব্য জমা হতে থাকে, তবে অল্প সময়ের মধ্যেই তিনি সেটি ডিলিট করে দেন। এদিনের রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়া বা না দেওয়া নিয়ে এমনিতেই আলোচনা চলছিল; ক্ষমা চাওয়ার পোস্ট দিয়ে আবার সরিয়ে নেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।