দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে নতুন রাষ্ট্রপতির প্রতি অনুরোধও জানান তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পর এক বিবৃতিতে এ অভিনন্দন জানান চরমোনাই পীর। নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণ চেয়ে আল্লাহর কাছে দোয়াও করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব অলংকারিক হলেও তাকে দলীয় গণ্ডির বাইরে থাকতে হয়। এ কারণেই দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ছেড়ে মির্জা ফখরুলকে বিএনপির মহাসচিব পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, রাষ্ট্রপতি সব মানুষের ঐক্য ও আস্থার প্রতীক।
চরমোনাই পীর মন্তব্য করেন, রাজনীতিতে সততা এখন দুর্লভ হয়ে উঠেছে, অথচ নবনির্বাচিত রাষ্ট্রপতি এ ক্ষেত্রে পরীক্ষিত মানুষ। মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাকে পোড়খাওয়া সেনাপতি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এমন একজন রাষ্ট্রপতির আসনে বসা রাজনীতির জন্য ইতিবাচক।
যে প্রত্যাশা নিয়ে মির্জা ফখরুল বঙ্গভবনে যাচ্ছেন, তা তিনি কাজে রূপ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির।






