চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও বৃহস্পতিবার (২০ আগস্ট) শেষমেশ ভোটে অংশ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানের ৭০ অনুচ্ছেদে ভবিষ্যতে বদল আনা এবং জুলাই জাতীয় সনদের সমঝোতা মেনে পরের রাষ্ট্রপতি নির্বাচনের কথা জানানোর পর দলটি আগের অবস্থান থেকে সরে আসে।

ভোটগ্রহণ শুরুর আগে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে সংবিধান সংশোধনের সময় ৭০ অনুচ্ছেদও বদলাবে, আর জুলাই জাতীয় সনদে যে ঐকমত্য হয়েছে, সে অনুযায়ীই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে সংবিধান এখনো সংশোধিত না হওয়ায় এবারের ভোট বিদ্যমান বিধানেই হচ্ছে বলে জানান তিনি।

দলের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ ধারায় পরিবর্তন এবং উচ্চ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি বাছাইয়ের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। সেই আশ্বাস পেয়ে বর্জনের সিদ্ধান্ত বদলানো হয় এবং দলের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোট দেন বলে জানান তিনি।

এর আগে দুপুরে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সই করা বিবৃতিতে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়েছিল। তাতে বলা হয়, রাষ্ট্রপতির পদ অলংকারিক হলেও জাতীয় সংকট ও নির্বাচনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আর নির্বাচনকালীন সরকার নিয়ে চলমান সংকটের একটি বড় কারণ দলীয় রাষ্ট্রপতি। এ সংকট কাটাতে জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কয়েকটি নীতিতে ঐকমত্য হয়েছিল এবং তাতে বিএনপিরও নোট অব ডিসেন্ট ছিল না বলে উল্লেখ করেন গাজী আতাউর রহমান।

তার ভাষ্য, জুলাই সনদের ধারা-১০-এ আইনসভার দুই কক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের কথা এবং ধারা-২৮-এ অর্থ বিল ও আস্থাভোট বাদে বাকি সব ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার কথা আছে, যাতে বিএনপিসহ সবাই একমত ছিল। এবারের নির্বাচনে এর কোনোটিই মানা হচ্ছে না অভিযোগ করে তিনি একে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে ‘গাদ্দারী ছাড়া আর কিছু নয়’ বলে মন্তব্য করেন।

গাজী আতাউর রহমান প্রশ্ন তোলেন, ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় কে রাষ্ট্রপতি হবেন তা যেহেতু আগে থেকেই নিশ্চিত, তখন এত আয়োজনের মানে কী; বিএনপি চেয়ারম্যান যার নাম ঘোষণা করবেন, তাকে সরাসরি বঙ্গভবনে বসিয়ে দিলেই চলত বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এমন আয়োজন জনগণের টাকার অপচয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হেয় করার শামিল; বিবৃতিতে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে জুলাই সনদ পুরোপুরি মেনে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আহ্বানও জানানো হয়েছিল।