বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে ফেসবুক পেজে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী ফখরুল নেতাদের উদ্দেশে লেখেন, চূড়ান্ত বিদায়ের সময় এসেছে; শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে তিনি বিদায় নিচ্ছেন।

ফখরুলের এই বিদায়বার্তা ও নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। ফখরুলকে সম্মানিত মহাসচিব সম্বোধন করে তিনি লেখেন, বাংলাদেশের রাজনীতিতে ফখরুল সবার শ্রদ্ধার পাত্র ও সজ্জন একজন রাজনীতিবিদ, দলমত নির্বিশেষে যিনি মানুষের কাছে গ্রহণযোগ্য।

সারজিস আলম আরও লেখেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে ফখরুলের সংগ্রাম ও ত্যাগ তাদের অনুপ্রেরণা জুগিয়েছে এবং দৃষ্টান্ত হয়ে আছে। সৃষ্টিকর্তা তাকে সম্মানিত করেছেন উল্লেখ করে তিনি কামনা করেন, এই নতুন পথচলা যেন কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হয়; সঙ্গে জানান দোয়া ও শুভকামনা।