প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর সামনে রেখে নিউইয়র্কের ম্যানহাটনে ইস্ট রিভার পার্কে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির সভাপতি পদপ্রার্থী বাদল মির্জার নেতৃত্বে আয়োজিত সভায় শাহ স্বপন, ওসমান গণি, ইব্রাহিম খলিল জনি, শাহাদাত রহমান, মাহমুদুর রহমান ও ওবায়দুল হক কচিসহ নেতাকর্মীরা অংশ নেন।
সভা থেকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সংগঠনের নেতাকর্মীরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয় থাকবেন। নেতারা জানান, কোনো অপশক্তি বা বিশৃঙ্খলাকারী দলীয় কর্মসূচি ভণ্ডুল বা বিভ্রান্ত করার চেষ্টা করলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান; ২১ সেপ্টেম্বর তার সেখানে পৌঁছানোর কথা। অধিবেশনে ভাষণ ছাড়াও নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সরকারের নির্ভরযোগ্য সূত্র ও যুক্তরাষ্ট্র বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
জানা গেছে, দুই দশক পর তারেক রহমানের এই সফর ঘিরে যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে ২০০৬ সালে তিনি সর্বশেষ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
সফরটি স্মরণীয় করে রাখতে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চলছে। এর মধ্যেই অনলাইনে বিশেষ যৌথ ভার্চুয়াল প্রস্তুতি সভা করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় নেতারা; বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বহু নেতাকর্মী তাকে স্বাগত জানাতে নিউইয়র্কে জড়ো হবেন।






