সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে দুই নেতা আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহর প্রতি আস্থা, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতি ধরে রেখে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ও ইসলামি মূল্যবোধের প্রতি সম্মান রেখে আলেমদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলেম সমাজের সম্পর্ক আরও আন্তরিক হবে এবং ধর্মীয় প্রশ্নে তাদের মত ও পরামর্শ গুরুত্ব পাবে বলেও আশা করেন তারা।

তাদের বিশ্বাস, মির্জা ফখরুলের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ আরও মজবুত হবে এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষা ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তিনি সাহসের সঙ্গে দাঁড়াবেন। রাজনৈতিক সৌহার্দ্য গড়ায় রাষ্ট্রপতি উদ্যোগী হবেন এবং ‘ফ্যাসিবাদী জালেম অপশক্তি’ মোকাবিলায় অভিভাবকের ভূমিকা নেবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

শেষে তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সাফল্য কামনা করে দোয়া করেন, যাতে তিনি দেশ ও মানুষের কল্যাণে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন। বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠান সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।