দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) শপথ নেওয়ার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার আগেই শ্বশুরকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন মেয়ের জামাতা, লেখক ও গবেষক ফাহাম আবদুস সালাম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার মধ্যরাতে দেওয়া পোস্টে ফাহাম লেখেন, ২২ বছর ধরে খুব কাছ থেকে তিনি মির্জা ফখরুলকে দেখছেন এবং এমন দায়িত্বশীল মানুষ জীবনে আর একজনকেই দেখেছেন—ক্যাডেট কলেজের শিক্ষক ছাদিক স্যারকে। তার মতে, মির্জা ফখরুলের জীবনে আসলে একটিই ভূমিকা, আর তা হলো ‘দায়িত্বশীল বড় ছেলে’র ভূমিকা।

ফাহামের বর্ণনায়, মির্জা ফখরুল এমন বড় ভাই, সাত ভাইবোনের জন্য ছয়টি চকলেট এলে যিনি নিজে একটিও না রেখে বাকি ছয়জনকে বিলিয়ে দিয়েই খুশি থাকেন। তিনি লেখেন, শ্বশুর কখনো হাত গুটিয়ে থাকতে পারেন না, যে অবস্থাতেই থাকুন কোনো না কোনো কাজে লেগে পড়েন; ক্যানবেরায় ছুটিতে গিয়েও ঘর ঝাড়ু দিতে লেগে যান। এই গুণ আর ভদ্র আচরণকেই মির্জা ফখরুলের সাফল্যের মূল রহস্য মনে করেন ফাহাম।

পোস্টে ফাহাম জানান, ৫ আগস্টের পর সিঙ্গাপুরে একান্ত আলাপে মির্জা ফখরুল তাকে বলেছিলেন, ম্যাডামকে (খালেদা জিয়া) বের করে আনা গেছে, নির্বাচন হলে দেশও গণতন্ত্রের পথে ফিরবে—তাই জীবনের কাজ শেষ হয়েছে ভেবে তিনি সন্তুষ্ট। ফাহামের ভাষ্য, ম্যাডামকে মুক্ত করতে না পারাকে মির্জা ফখরুল বহুবার নিজের ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখেছেন। ভালো-মন্দ দুই সময়েই নেতাকে আগে মনে রাখেন এমন সহযোদ্ধা বাংলাদেশে বিরল উল্লেখ করে তিনি লেখেন, তারেক রহমান এমন কাউকে পাবেন কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

ফাহাম লেখেন, দলের তরুণ নেতাকর্মীদের অনেকে তাকে বাংলাদেশের মহাসচিব বলে ডাকেন, আর এ কথায় সত্যতা আছে; কারণ তিনি দলের আগে দেশকে দেখেন এবং যা বলেন তা-ই বিশ্বাস ও চর্চা করার চেষ্টা করেন। শ্বশুরের রাষ্ট্রপতি হওয়াকে একই সঙ্গে আনন্দ ও হতাশার খবর হিসেবে বর্ণনা করেন তিনি—জাতি যাকে অভিভাবক হিসেবে মানতে প্রস্তুত, তেমন মানুষই রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু নিজের আগে দল ও দেশের স্বার্থ দেখা এমন নেতার বিকল্প বিএনপিতে খুঁজে পাওয়া কঠিন হবে।

পোস্টের শেষ দিকে ফাহাম জানান, আওয়ামী লীগের সমর্থকসহ বহু মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন; তার জীবদ্দশায় আর কোনো বড় রাজনৈতিক নেতা এমন দলমতনির্বিশেষ সমর্থন পেয়েছেন বলে মনে করেন না তিনি। তার ভাষায়, মির্জা ফখরুল মারদাঙ্গা রাজনীতিক নন, বিপুল বিত্তের মালিকও নন, বিএনপিতে তার কোনো গ্রুপিংও নেই। রাজনীতিতে সৎ ও ভালো মানুষের জায়গা নেই বলে যারা ভাবেন, তারা পুরোপুরি ভুল বলে মন্তব্য করে ফাহাম লেখেন, জায়গা আছে, শুধু ধৈর্য ধরতে হবে।