ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে হারাম ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সরকারি কর্মকর্তা, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ ঘোষণা দেন।

রাশেদ খান বলেন, এখন থেকে কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষের অভিযোগ মিললে সংশ্লিষ্ট ব্যক্তি সেখানে থাকতে পারবেন না। নিজে বা অন্য কোনো নেতা অন্যায়ে জড়ালে তথ্য-প্রমাণসহ খবর প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হলো।’

বিএনপি সরকার মবকে কোনো প্রশ্রয় দিচ্ছে না বলে দাবি করে তিনি জানান, কোনো বেসামরিক ব্যক্তি সালিশ-বাণিজ্য চালাতে পারবেন না, অফিস খুলে সালিশ বসালে ব্যবস্থা নেওয়া হবে এবং চাঁদাবাজ-সন্ত্রাসীরা ছাড় পাবে না।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। আরও বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, বিএনপি নেতা হামিদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান।