সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদনের পর রিজভী জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। দলকে সুশৃঙ্খলভাবে চালানো এবং চেয়ারম্যানের নির্দেশে চলমান সাংগঠনিক কাজগুলো সুসংগঠিতভাবে শেষ করাই এখন তাদের কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।
রিজভী বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। জনকল্যাণ, সামাজিক সুরক্ষা ও কাঠামোগত উন্নয়নে তারেক রহমান যেসব কর্মসূচি ঘোষণা করেছেন এবং একের পর এক পদক্ষেপ নিচ্ছেন, সেগুলো সুচারুভাবে বাস্তবায়ন করা হবে।
নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তার সুযোগ পাবে না বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, সরকারের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করেছেন, আর জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না।
দলের জনপ্রিয়তার পেছনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জনকল্যাণমূলক কাজ, বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও আর্থিক উন্নতির উদ্যোগের কথা তুলে ধরেন রিজভী। তারেক রহমানের কিছু কর্মসূচিও মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে দাবি করে এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা ও জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে হয়তো দু-একজন অনৈতিক কাজে জড়িত থাকতে পারেন। তবে ৫ আগস্টের পর থেকে দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্তদের বিরুদ্ধে চেয়ারম্যান শক্ত হাতে ব্যবস্থা নিয়েছেন জানিয়ে তিনি সবাইকে অনৈতিক কাজ থেকে দূরে থেকে গঠনমূলক কাজের মাধ্যমে দলকে শক্তিশালী করার এবং জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার আহ্বান জানান।






