খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি শুরু করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। সচেতনতা বাড়ানোসহ নানাভাবে নগরবাসীর পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন তিনি।

রোববার (২৩ আগস্ট) বিকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনি মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন কেডিএ চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ এতে সভাপতিত্ব করেন, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইস্তি।

নগরীর বিভিন্ন এলাকায় চালানো এ কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল নষ্ট করা এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলায় জোর দেওয়া হয়। নেতাকর্মীরা জমে থাকা পানি, ড্রেন ও নালা-নর্দমাসহ সম্ভাব্য প্রজননস্থলে মশক নিধন কার্যক্রম চালান এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে ও কোথাও পানি জমতে না দিতে বাসিন্দাদের অনুরোধ করেন।

নেতারা বলেন, ডেঙ্গু ঠেকাতে কেবল সিটি করপোরেশন বা প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না; ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পরিচ্ছন্নতা ও সচেতনতাকেই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করে তারা নগরবাসীর নিরাপত্তায় এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।