জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ৫ হাজার ইউনিয়নে নভেম্বরের মধ্যে একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। চট্টগ্রাম নগরের স্টেশন রোডের একটি হোটেলে সোমবার (২৪ আগস্ট) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব, প্রধান অতিথি ছিলেন সারজিস। তিনি জানান, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৫ হাজার ইউনিয়নে আহ্বায়ক কমিটি করার লক্ষ্য রয়েছে; আর প্রতিটি ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে কমিটি গঠন শেষ হবে ২০২৭ সালের জুনের মধ্যে।
সারজিস দাবি করেন, বর্তমান রাজনৈতিক দলগুলোর আচরণে ভবিষ্যতে আরও বেশি ফ্যাসিবাদী প্রবণতা দেখা দেওয়ার আশঙ্কা আছে। তাই নির্বাচনের পর দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করাকেই এনসিপি প্রথম ও প্রধান লক্ষ্য হিসেবে নেবে বলে জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে তিনি জানান, ইউনিয়ন পরিষদের ভোট ডিসেম্বর-জানুয়ারিতে হতে পারে বলেই এই সময়সীমা।
এনসিপির ব্যানারে নির্বাচন করতে আগ্রহীদের তিনি সংগঠিত হয়ে দলের কমিটিতে যোগ দিতে ও যোগাযোগ রাখতে বলেন। চট্টগ্রামের নাগরিক সমস্যা প্রসঙ্গে সারজিস অভিযোগ করেন, বর্ষা পেরিয়ে শরৎ-শীত এলে মেয়র, এমপি ও প্রশাসন জলাবদ্ধতার কথা ভুলে যান, আর পরের বর্ষায় আবার লোক দেখাতে হাঁটু বা কোমরসমান পানিতে নেমে ছবি-ভিডিও তোলা হয়।
বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে তিনি দাবি জানান, জলাবদ্ধতা ও বেহাল সড়ক নিয়ে লোক-দেখানো কাজ নয়, বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। তার ভাষ্য, নগরের রাস্তাঘাট আর আবাসিক এলাকার যা অবস্থা, তাতে ‘অসুস্থ মানুষের হাসপাতালে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকাই নিরাপদ বলে মনে হয়’। আধুনিক ও উন্নত শহর হিসেবে চট্টগ্রামকে দ্রুত গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগও চান তিনি।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।






