প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী ‘বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে’, আর জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) তা রপ্ত করেছে। সোমবার (২৪ আগস্ট) ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
পোস্টে তিনি লেখেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ দাবি করেছেন, বিএনপি সরকারের ৬ মাসে গুম হয়েছেন ৫১২ জন; অথচ পাশে থাকা নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের কেউ আপত্তি তোলেননি। আজাদের এ দাবিকে জঘন্য মিথ্যাচার বলে আখ্যা দেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতের নেতারা এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য ছড়ান; টুপি খুলে মিথ্যা বললেও হয়তো মানা যেত, কিন্তু বিসমিল্লাহ বলে কীভাবে তারা মিথ্যা শুরু করেন—সে প্রশ্নও তোলেন তিনি।
তার অভিযোগ, জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে এনসিপিও একই ধরনের মিথ্যাচার শিখেছে এবং দলটির নেতাদের বক্তব্যও আজাদের মতো অপতথ্যে ভরা থাকে।
তার দাবি, গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়ানোয় জামায়াত-এনসিপি এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বলে মানুষ বলাবলি করছে। সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দল ৬ মাসে কতটা গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, সেটিরও মূল্যায়ন দরকার বলে মন্তব্য করেন তিনি।






