অন্যায়-অবিচারের বিরুদ্ধে আজকের বাংলাদেশে যে নেতৃত্ব দরকার, তা দিচ্ছেন তারেক রহমান—এমন মন্তব্য করে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তুলনা করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তার ভাষায়, ‘আমাদের নজরুল তারেক রহমান।’
সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিক বিশেষ অতিথি এবং সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
নূরুল ইসলাম মনি বলেন, অন্যায়, অবিচার আর শোষণের বিরুদ্ধে প্রতিবাদী কবি ছিলেন নজরুল; পাশাপাশি তিনি প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহেরও কবি। নজরুল প্রতি যুগে জন্মান না, নিজের সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি বেঁচে আছেন। জাতি যে নজরুলকে পেয়েছে, তার প্রতি অবহেলা হলে তাকে আর ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
চিফ হুইপ বলেন, সমাজ ও রাষ্ট্রের অসংগতি, ক্ষুধা, দারিদ্র্য আর নিপীড়িত মানুষের অধিকারই ছিল নজরুলের লেখার বিষয়; তাই বাঙালি জাতি ও বাংলাদেশ তার কাছে চিরঋণী। নজরুল কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নন, সব মানুষের কবি—এ কথা মনে করিয়ে দিয়ে তার আদর্শ ও মানবিক চেতনা জীবনে ধারণের আহ্বান জানান তিনি।
তার অভিযোগ, দেশের মানুষ বহু বছর ধরে নির্যাতন-নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন; আয়নাঘর, গুম ও জেল-জুলুমের মতো ঘটনা মানুষের মনে গভীর ক্ষত রেখে গেছে। এসবের বিরুদ্ধে মানুষের অধিকারের লড়াইয়ে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং দুঃসময়েও মানুষের পাশে ছিলেন বলে দাবি করেন চিফ হুইপ।
সমস্যাগুলোর সমাধান রাতারাতি সম্ভব নয় মন্তব্য করে তিনি জনগণকে ধৈর্য ধরার এবং সবাইকে নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করে দেশকে সামনে নেওয়ার আহ্বান জানান।
এক সময় দুর্ভিক্ষ ও সংকটের মধ্য থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছিল উল্লেখ করে চিফ হুইপ বলেন, আজও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় অধ্যাপক আব্দুল লতিফ মাসুম এবং নাট্যকার বাবুল আহমেদও বক্তব্য দেন।






